October 3, 2026

দামোদরের জল বাড়তেই প্লাবনের আশঙ্কা তারকেশ্বরে, মাথায় হাত চাষিদের

0
দামোদরের জল বাড়তেই প্লাবনের আশঙ্কা তারকেশ্বরে, মাথায় হাত চাষিদের

অফিস ডেস্ক সাংবাদিক সন্দীপ হালদার – দামোদরের জল বাড়তেই প্লাবনের আশঙ্কা তারকেশ্বরে, মাথায় হাত চাষিদের
দামোদর নদীতে আচমকা জলস্তর বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারকেশ্বরের নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে দামোদরের জল বাড়ছে, যার ফলে যেকোনো মুহূর্তে নদীর জল ঢুকে প্লাবিত হতে পারে পার্শ্ববর্তী এলাকাগুলি। এর জেরে সবচেয়ে বেশি আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

তারকেশ্বরের সন্তোষপুর, কেশবচক এবং চাঁপাডাঙ্গা অঞ্চলের দামোদর নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো বন্যা পরিস্থিতির মুখে পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নদী বাঁধের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।


সবচেয়ে বড় বিপদের মুখে পড়েছেন স্থানীয় চাষিরা। দামোদরের তীরবর্তী এই উর্বর জমিতে বিঘার পর বিঘা জমিতে রয়েছে ধান ও হরেক রকমের কাঁচা আনাজের চাষ। নদী উপচে জল জমিতে ঢুকলেই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সমস্ত ফসল। কয়েক মাসের পরিশ্রম ও বিপুল আর্থিক বিনিয়োগ চোখের সামনে জলে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে সন্তোষপুর ও চাঁপাডাঙ্গা এলাকার কৃষকদের।
প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। যেকোনো জরুরি অবস্থার জন্য ব্লক ও পঞ্চায়েত প্রশাসন সতর্ক রয়েছে।” তবে জলস্তর আরও বাড়লে কী হবে, তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed