October 3, 2026

বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে গভর্নিং বডির নতুন সভাপতি বিধায়ক প্রশান্ত দিগার, শিক্ষক দিবসে সম্মানিত শিক্ষকেরা

0

নিজস্ব সংবাদদাতা, গোঘাট: বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রথমবার পা রাখলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। শিক্ষক দিবসের বিশেষ দিনে তাঁর এই উপস্থিতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক ভিন্ন উদ্দীপনার সৃষ্টি করে।

এ দিন কলেজে উপস্থিত হয়ে বিধায়ক মহাশয় প্রথমেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। এর পর শিক্ষক দিবস উপলক্ষ্যে কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের অপরিসীম অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তাঁদের হাতে বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেন।

মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশান্ত দিগার জানান, “এই ঐতিহাসিক কলেজের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। শিক্ষার পরিবেশ বজায় রাখা, পরিকাঠামোর উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সব ধরনের পদক্ষেপে আমি সর্বতোভাবে পাশে থাকব।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিধায়ক তথা নতুন সভাপতিকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কলেজ কর্তৃপক্ষ। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed